আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা, প্রচারণা, নীতি ও অ্যাডভোকেসি বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কথিত ‘নৃশংসতার’ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, 'গণহত্যাকে কোনভাবেই স্বীকৃতি দেওয়ার সুযোগ নেই। জাতিগত নিধন কিংবা দখলদারিত্ব, এসব করে ইসরায়েল পৃথিবীর মানুষকে দেখাচ্ছে যে তারা কতো হিংস্র।'
রোসাস অভিযোগ করেন, 'ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে এসব নৃশংসতা চালাচ্ছে। আর আমরা এসব দেখে এড়িয়ে যেতে পারি না।' তিনি সবাইকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, 'আমাদের সবাইকে ফিলিস্তিনিদের জন্য কথা বলতে হবে।' পোস্টের শেষে রোসাস উল্লেখ করেন, 'মানবতাকেই জয়ী হতে হবে।'
এদিকে, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং নিজেদের কর্মকাণ্ডকে নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করে থাকে।