বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে সহিংসতা, এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

ইয়েমেনে সহিংসতার কারণে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, আশ্রয়ের খোঁজে জিবুতিতে পালাচ্ছে অনেকেই।

ইয়েমেনে সহিংসতা, এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

ইয়েমেনে চলমান সংঘাতে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। হুতি বিদ্রোহী গোষ্ঠী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে এই সংঘাতের ফলে হাজারো মানুষ বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে জিবুতিতে আশ্রয়ের চেষ্টা করছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের পশ্চিম উপকূলজুড়ে সংঘাত দ্রুত বাড়ছে। এর ফলে দেশটির অভ্যন্তরেই এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, চলমান সহিংসতা আরও বড় ধরনের মানবিক সংকট তৈরি করতে পারে। নতুন করে মানুষ বাস্তুচ্যুত হওয়ায় স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায়গুলোর ওপর চাপ বাড়ছে।

সংস্থাটি জানিয়েছে, ইয়েমেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত পরিবারগুলোর জরুরি সহায়তার জন্য প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার নতুন অর্থায়ন প্রয়োজন। এছাড়াও, জিবুতিতে পৌঁছানো মানুষদের সহায়তার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'অনেক পরিবার খুব অল্প সময়ের মধ্যে ঘর ছেড়েছে এবং সঙ্গে নিতে পেরেছে সামান্য কিছু জিনিসপত্র। আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা ব্যবস্থা এখন সবচেয়ে জরুরি প্রয়োজন।'

এদিকে, ইয়েমেনে অবস্থানরত ৬৫ হাজারের বেশি নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীও ঝুঁকির মধ্যে রয়েছেন। তাদের বেশিরভাগই সোমালিয়া ও ইথিওপিয়া থেকে আসা, যারা চলমান সংঘাতের কারণে নতুন করে নিরাপত্তাহীনতায় পড়েছেন।

ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুতির পরিস্থিতি তৈরি হয় যখন ইরানপন্থি হুতিরা দ্রুত অগ্রসর হয়ে দেশটির লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। এই পরিস্থিতি আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ইয়েমেনে মানবিক সংকটকে আরও জটিল করে তুলছে।

বিজ্ঞাপন