ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি এখনও কার্যকর রয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, যুক্তরাষ্ট্র এবং হুথিদের মধ্যে যুদ্ধবিরতি বজায় রয়েছে। তিনি উল্লেখ করেন, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে ছোটখাটো সংঘাত চললেও তা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়েনি, যা একটি ইতিবাচক খবর।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার জানান, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে চলমান অভ্যন্তরীণ লড়াইয়ে যুক্তরাষ্ট্র যেন কোনো ধরনের নাক না গলায় বা হস্তক্ষেপ না করে, সেজন্য হুথি বিদ্রোহীরা ওয়াশিংটনের সাথে যোগাযোগ করেছে।
উল্লেখ্য, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আক্রমণ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধের লক্ষ্যে ২০২৫ সালের মে মাসে হুথিদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল যুক্তরাষ্ট্র।