মহাকাশ বিজ্ঞানে নতুন একটি মাইলফলক অর্জন করলো চীন। দেশটির তৈরি অত্যাধুনিক রকেট ‘ঝুয়েক-টু ই’ সফলভাবে একসঙ্গে ১০টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষাকেন্দ্র থেকে এই রকেটটি উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণের পর রকেটটি সফলভাবে মহাকাশে পৌঁছায় এবং বহন করা ১০টি স্যাটেলাইটকে তাদের নির্ধারিত কক্ষপথে নিখুঁতভাবে স্থাপন করে। চীনা মহাকাশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব স্যাটেলাইট একটি বৃহৎ ‘মেগা-কনস্টেলেশন’-এর অংশ হিসেবে কাজ করবে।
এই ধরনের মেগা-কনস্টেলেশন নেটওয়ার্ক টেলিযোগাযোগ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন ধরনের মহাকাশভিত্তিক প্রযুক্তিগত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মকর্তারা জানান, এটি ছিল ‘ঝুয়েক-টু ই’ রকেটের পরীক্ষামূলক উড্ডয়ন।
সম্পূর্ণ উৎক্ষেপণ ও স্থাপন প্রক্রিয়াটি শতভাগ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা দেশটির বাণিজ্যিক মহাকাশ গবেষণায় নতুন একটি মাত্রা যোগ করবে।