লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি সন্দেহভাজন রুশ ড্রোনকে ভূপাতিত করেছে ন্যাটোর হয়ে দায়িত্ব পালনকারী একটি ইতালীয় যুদ্ধবিমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলারুশের দিক থেকে ড্রোনটি লিথুয়ানিয়ার আকাশে প্রবেশ করে এবং পরে মধ্য লিথুয়ানিয়ার প্রাতকুনাইয়ের কাছে এটি ধ্বংস করা হয়।
লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ড্রোনটিতে বিস্ফোরক বহন করা হচ্ছিল। তবে, ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা হচ্ছে এটি রাশিয়ার তৈরি কি না। লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্টাস কাউনাস জানান, ইতালীয় যুদ্ধবিমানের এই হস্তক্ষেপ ‘আটলান্টিক জোটের মূল্য’ এবং মিত্র দেশ হিসেবে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন ঘটনাটিকে ইউরোপের বিরুদ্ধে ‘আগ্রাসন ও উসকানির’ ধারাবাহিক অংশ হিসেবে উল্লেখ করেছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়েডফুলও এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। তিনি বলেন, ন্যাটোর সদস্য দেশগুলোকে ভয় দেখিয়ে পিছু হটানো যাবে না।
এদিকে, পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, 'সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে, রাশিয়ার কর্মকাণ্ড পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।'
লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাউনাস সতর্ক করে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; এর প্রভাব ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধান না হলে এ ধরনের ঘটনা অব্যাহত থাকতে পারে।