রাজধানী ঢাকা সহ সারাদেশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।
রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে হবে। গত ২৪ ঘণ্টায় রংপুরে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।