দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ রোববার রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচি’ সেমিনারে অংশগ্রহণকালে তিনি এ কথা বলেন। ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ডেঙ্গু, হাম, হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো মারাত্মক রোগগুলো জটিল আকার ধারণ করার আগেই প্রাথমিক স্ক্রিনিং ও সচেতনতার মাধ্যমে শনাক্ত করা প্রয়োজন। বিশেষ করে প্রসূতি নারী ও নবজাতকদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বিশেষজ্ঞ হাসপাতাল পর্যন্ত একটি সুসংহত রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, চিকিৎসক, গবেষক, ফার্মাসিউটিক্যালস ও নীতি নির্ধারকদের মধ্যে সঠিক সমন্বয় এবং সুশাসন বজায় রেখে এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিটি নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।