জাপান সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
বুধবার, ডা. রহমান প্রথমে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন। সেখানে তিনি ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।
ক্লিনিকের কর্মকর্তারা জানান, বিশ্বে মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে, যা এখানে ব্যবহৃত হচ্ছে। এছাড়া, তিনি পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।
এরপর, তিনি টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত হোম-কেয়ার নার্সিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি নার্সিং ও পুনর্বাসনকেন্দ্রের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরের খাবারের পর, ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন। সেখানে তিনি জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন।
বিকেলে, ডা. রহমান সাসাকাওয়া পিস ফাউন্ডেশনে প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।