বাংলাদেশে ইলিশের বাণিজ্যে এবার দেখা গেছে একটি ব্যতিক্রমী পরিবর্তন। সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি হলেও চলতি বছরে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আসছে। গত দুই মাসে গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে এসেছে।
ভারতের মাছ ব্যবসায়ীরা জানান, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ আসতে পারে। এসব ইলিশ মূলত গুজরাট থেকে সংগ্রহ করে ভারুচ বন্দরের মাধ্যমে পাঠানো হয়েছে।
পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, 'ভারত থেকে বাংলাদেশে সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরা মাছ যায়। তবে এ বছর ইলিশ পাঠানোর বিষয়টি ব্যতিক্রমী।'
গুজরাটের ইলিশে ডিমের পরিমাণ তুলনামূলক বেশি হওয়ায় এবং স্বাদে কিছুটা নোনতা থাকায় ভারতের স্থানীয় বাজারে এর চাহিদা সীমিত। তবে বাংলাদেশে বিশেষ করে কিছু অঞ্চলে ডিমভরা ইলিশের চাহিদা থাকায় এই মাছের বাজার তৈরি হয়েছে।
প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারত ইলিশ আমদানি করে। তবে এবারে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি করা হবে কি না, সে বিষয়ে এখনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। গত বছর উৎসবের মৌসুমের আগে বাংলাদেশ সরকার ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল।