স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) 'ইউএপি ওয়ানকার্ড' চালু করেছে। এই উদ্যোগটি ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।
১৪ সেপ্টেম্বর রাজধানীর গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। 'ওয়ানকার্ড' সল্যুশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ক্যাম্পাস সেবা, ক্যাশলেস পেমেন্ট ও ডিজিটাল ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে।
ওয়ানকার্ডের আওতায় একটি ফিজিক্যাল স্মার্ট কার্ড এবং ডিজিটাল অ্যাপস যেমন OneID App, DGePay App, DGePay Merchant App ও OneCard Vault অন্তর্ভুক্ত রয়েছে। OneID App-এর মাধ্যমে ডিজিটাল পরিচয় এবং ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনা করা যাবে, এবং DGePay App ব্যবহার করে ক্যাশলেস পেমেন্টের সুবিধা পাওয়া যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ। তিনি ওয়ানকার্ডকে উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। ইউএপি ও ডিজি ইনফোটেক লিমিটেডের এই সমন্বিত ক্যাম্পাস সেবা চালুর উদ্যোগের প্রশংসা করেন তিনি।
ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক বলেন, ওয়ানকার্ড বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি মাইলফলক। এটি আধুনিক, দক্ষ ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ওয়ানকার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দৈনন্দিন ক্যাম্পাস কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।
অনুষ্ঠানে ওয়ানকার্ডের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ ওয়ানকার্ডের বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরেন।