বিদেশে পাচার হওয়া সম্পদ আদালতের আদেশে জব্দ বা অবরুদ্ধ হওয়ার পর সেই সম্পদ থেকে কর আদায় করতে সরকার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান করা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে ১৩ সেপ্টেম্বর রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিকে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগের অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং বাংলাদেশ পুলিশের সিআইডির অর্গানাইজড ক্রাইম শাখার ডিআইজি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিদেশে পাচার হওয়া সম্পদের মধ্যে আদালত কর্তৃক অবরুদ্ধ বা সংযুক্ত হিসাব থেকে সরকারের শুল্ক ও কর আদায়ের ক্ষেত্রে কী ধরনের আইনি ও অন্যান্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নির্ধারণ করবে এই কমিটি।
কমিটিকে এসব পদক্ষেপ বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।