জয়পুরহাটের পাঁচবিবিতে সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে ৩ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশপিয়া তাসরিন এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আলম (৫০), আমিনুল ইসলাম (৫২) এবং আব্দুল মতিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।
ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় সরকারি গাছ অবৈধভাবে কাটার অপরাধে তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।