ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অষ্টেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইস ব্যাংকে বিপুল অঙ্কের অর্থ পাচারের অভিযোগ ওঠার পর তিনি প্রতিক্রিয়া জানান। আসিফ বলেন, "দুদকের সংস্কার না হওয়ায় প্রতিষ্ঠানটি এখনও আগের মতোই ব্যবহৃত হচ্ছে।"
রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, "আমি কত টাকা পাচার করেছি সেটা আগে স্পষ্ট করে বলতে হবে। একেক বার তারা (দুদক) একেক অঙ্ক বলে।"
তিনি অভিযোগ করেন, "সরকার যদি কাউকে পাকরাও করতে চায় সেটা সম্ভব। দুদকের সংস্কার যেহেতু হয়নি, সুতরাং ওরা যেভাবে ইচ্ছা সেভাবেই করছে।"
সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসিফ বলেন, "নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলকে মানুষের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে বলেন, বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।"
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। তবে কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে এগারো দল মিলে তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, আসিফের বিরুদ্ধে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অর্থ নেওয়া, বিভিন্ন টেন্ডার থেকে কমিশন গ্রহণ এবং স্থানীয় প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।