রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চাঁদপুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, তদন্তের নির্দেশ

চাঁদপুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

চাঁদপুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, তদন্তের নির্দেশ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে হাজেরা বেগম (৪২) নামে ওই রোগীর মৃত্যু ঘটে।

মৃত হাজেরা বেগম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা ও আক্তার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন এবং শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনদের অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাজেরার শারীরিক অবস্থার অবনতি হলে তারা কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কাকে রোগী দেখার জন্য অনুরোধ করেন। কিন্তু চিকিৎসক মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন এবং রোগীর কাছে না এসে নির্দেশ দেন যে রোগীকে কাঁধে করে তার কক্ষে নিয়ে যেতে।

রোগীর স্বামী আক্তার হোসেন জানান, 'ডাক্তারকে বারবার অনুরোধ করেছি। তিনি রোগীকে দেখে চিকিৎসা দিলে আমার স্ত্রী বেঁচে যেত।'

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কার বক্তব্য নিতে গেলে হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. জয়ন্ত মালাকার সাংবাদিকদের বাধা দেন। তিনি জানান, 'চিকিৎসকের অবহেলার সব দায় আমি নেব।'

ডা. জয়ন্ত বলেন, 'ওই রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। লিভারের জটিল রোগীর চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব নয়।'

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল বলেন, 'কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন