আগস্ট মাসে অপরিশোধিত তেলের উৎপাদন কমিয়েছে তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, ওপেকের ১১ সদস্যদেশ আগস্টে দৈনিক গড়ে ৬ লাখ ৪০ হাজার ব্যারেল কম তেল উৎপাদন করেছে, ফলে তাদের মোট উৎপাদন দাঁড়িয়েছে দৈনিক ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ব্যারেলে।
ইরান যুদ্ধের কারণে সৌদি আরবের তেল রফতানিতে নতুন করে বিঘ্ন এবং যুক্তরাষ্ট্রের অবরোধের ফলে ইরানের তেল সরবরাহ কমে যাওয়ায় সামগ্রিক উৎপাদন কমেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াসহ অন্যান্য মিত্র দেশ নিয়ে গঠিত ওপেক প্লাসের সাত সদস্য আগস্টে উৎপাদন বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল, তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।
এই জরিপে আর্থিক প্রতিষ্ঠান এলএসইজি থেকে পাওয়া তেল প্রবাহের তথ্য, কেপলারের মতো তেল সরবরাহ পর্যবেক্ষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য এবং তেল কোম্পানি, ওপেক ও পরামর্শক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য ব্যবহার করা হয়েছে।