সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা হতে যাচ্ছে। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে।
মামলায় ভবন মালিক সোহেল রানাসহ মোট আটজন আসামি রয়েছেন। আসামিদের মধ্যে সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব অন্তর্ভুক্ত রয়েছেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা ধসে ১,১৩৬ জন নিহত এবং দেড় হাজারেরও বেশি মানুষ আহত হন। ঘটনার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নামে।
২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। প্রথমে সোহেল রানাকে বাদ দিয়ে তার বাবা-মা সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হলেও তদন্তে সোহেল রানার সম্পৃক্ততা প্রমাণিত হলে তাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।
২০১৭ সালের ২১ মে আদালত সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলার বিচার চলাকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন আদালতে সাক্ষ্য দেন।