মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চট্টগ্রাম অভিমুখী লংমার্চে হামলার দায় সরকারের উপর: জামায়াত

জামায়াতের সেক্রেটারি জেনারেল লংমার্চে হামলার দায় সরকারের উপর বর্তাবে বলে মন্তব্য করেছেন।

চট্টগ্রাম অভিমুখী লংমার্চে হামলার দায় সরকারের উপর: জামায়াত

এগারো দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চে হামলার ঘটনা ঘটলে সেই দায় সরকারের উপর বর্তাবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে লংমার্চের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার জানান, ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ করবে। এই লংমার্চের মূল দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।

তিনি বলেন, সরকারদলীয় নেতাকর্মীরা বিরোধীদলীয় সংসদ সদস্যদের উপর হামলা চালাচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন যে, সরকার বিরোধীদলের গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, যদি লংমার্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয় বা হামলার চেষ্টা করা হয়, তাহলে তা প্রমাণ করবে যে, সরকার জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ ধারণ করতে অক্ষম।

লংমার্চের দিন সকাল ৭টায় শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে যাত্রা শুরু হবে। পথিমধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরেরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন