মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ, সংসদীয় গণতন্ত্র নিয়ে আলোচনা।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইপিইউ'র সেক্রেটারি জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া ও সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ অ্যাংগোরো।

বৈঠকে তারা জাতীয় সংসদকে আরও কার্যকর করে তোলা এবং গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে মতবিনিময় করেন। ডা. শফিকুর রহমান সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া, সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এবং আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের চার আহত যোদ্ধা– জসীমউদ্দিন খান, কামরুল হাসান, রিফাত হাওলাদার ও জাকির শিকদার।

বিজ্ঞাপন