স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন ভোটার যুক্ত হওয়ায় দেশে মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ উপলক্ষ্যে সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
এদিকে, নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বর মাসে তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায়। এ লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা রয়েছে।