চলমান গ্যাস সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, বিদ্যুৎ–জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার এবং তিনি আশাবাদী যে, ৭ দিনের মধ্যে গ্যাসের সংকট দূর হবে।
তিনি উল্লেখ করেন, গণতন্ত্রকে বারবার হত্যা করাসহ দেশের বিভিন্ন ভয়ঙ্কর রূপ দেখেছে এবং সেই সংকট থেকে উত্তরণে কাজ করে যাচ্ছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, অনেক চক্রান্ত ও ষড়যন্ত্রের পরও জনগণকে সাথে নিয়ে এগিয়ে গেছে বিএনপি। তিনি দাবি করেন, বিএনপি ওয়াদা রক্ষাকারী দল এবং সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাবে।