বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন যে, পলাতক ফ্যাসিস্টরা দেশের অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, দেশের অভ্যন্তরে থাকা গুপ্ত ও সুপ্তরা এই অশান্তিতে সহায়তা করছে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে সড়কে নেমেছে একটি পক্ষ। তবে বিশ্বের অন্যান্য দেশে সংকট চলছে। বিরোধী দলের নেতাদের খবরের কাগজ পড়া উচিত।’
তিনি জামায়াতের লংমার্চের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘জামায়াত ১ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে, অথচ এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো।’ তিনি দাবি করেন, জনগণ এসব বিষয় বুঝতে পারছে এবং সরকার সংকটের মধ্যেও জনগণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।
রিজভী আরও বলেন, ‘বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে। বিরোধী দল যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, তা গত ১৭ বছর ধরে সম্ভব হয়নি।’