তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, পলাতক শেখ হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে এবং তার বিরুদ্ধে অপরাধের বিচার হবে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, শেখ হাসিনা কোটি কোটি ডলার নিয়ে পালিয়ে গেছেন এবং মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেন। তিনি বলেন, "তিনি আসি আসি করছেন, কিন্তু আসছেন না। তিনি না এলে আমরাই তাকে নিয়ে আসব, আসার টিকিট দেব।"
ইয়াসের খান আরও বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা বন্দি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান দেশের বিভাজনের রাজনীতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সংকটের সময় জনগণের পাশে দাঁড়িয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং তাদের নেত্রী নারী ও শিশুদের হত্যা ও গুম করে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি আশ্বাস দেন যে, তার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার নিশ্চিত করা হবে।