স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া স্থানীয় নেতা–কর্মীদের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ সোমবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, "স্থানীয় পর্যায়ে দলের নেতা–কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। প্রার্থীদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা, স্থানীয় পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা এবং দলীয় নেতা–কর্মীদের সমর্থন বিবেচনায় নেওয়া হবে।"
তিনি অভিযোগ করেন, "সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকজনের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। বিএনপি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।"
রিজভী আরও বলেন, "দলের নামে কোন বিশৃঙ্খলা সরকার মেনে নেবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের মাঝে জনপ্রিয়তা পেয়েছে।" তিনি নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।