দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় মন্ত্রী বলেন, অতীতের ভুলত্রুটি শুধরে মানুষের পাশে থাকতে হবে।
তিনি উল্লেখ করেন, গণতন্ত্রে বিশ্বাস রেখে সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে, যেখানে সব ধর্ম ও মতের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন।
ডা. জাহিদ হোসেন বলেন, "যদি সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে পারি, তাহলে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত হবে।" তিনি স্থানীয় সরকার নির্বাচনসহ সব নির্বাচনে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।