মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে।
রুনা খানের সঙ্গে এই পুরস্কার পেয়েছেন সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি। ফিলিপীনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৬৮তম আসরে এই পুরস্কার ঘোষণা করা হয়।
আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে পুরস্কারের সমাপনী আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন জানায়, রুনা খানকে মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
ফিলিপীনের প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাই ১৯৫৭ সালের ১৭ মার্চ এক বিমান দুর্ঘটনায় মারা যান। তার স্মৃতি রক্ষার্থে একই বছর র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৮ সাল থেকে নিয়মিত এই পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিবছরের ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।
পুরস্কারটি ১৯৫৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত ছয়টি নির্দিষ্ট শ্রেণিতে দেওয়া হতো, যার মধ্যে সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, শান্তি ও আন্তর্জাতিক বোঝাপড়া অন্তর্ভুক্ত ছিল। ২০০৯ সাল থেকে পুরস্কারের শ্রেণিগুলো উন্মুক্ত করে দেওয়া হয়।