রাজবাড়ী জেলা শহরের কাপড়ের বাজারে অবস্থিত ‘আস্থা বস্ত্রালয়’ নিয়ে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান হিসেবে প্রচারের বিষয়টিকে বিভ্রান্তিকর ও অপপ্রচার বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
রোববার (৩০ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয় এ তথ্য জানায়। শনিবার (২৯ আগস্ট) জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এবং রোববার কালুখালী উপজেলার মৃগী বাজারে ভোক্তা-অধিকার নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়। তবে রাজবাড়ী সদর উপজেলার কাপড়ের বাজারের ‘আস্থা বস্ত্রালয়’কেন্দ্রিক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা কর্তৃপক্ষের অভিযানের সঙ্গে সম্পর্কিত নয়।
ভিডিওতে উপস্থিত নারীও ভোক্তা অধিকার অধিদফতরে এ বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, উক্ত ঘটনাকে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযান হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে, যা একশ্রেণির বিভ্রান্তিকর অপপ্রচার।
এ ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।