ইরানি আলোকচিত্রী মরিয়ম সাঈদপুর তার যুদ্ধকালীন ছবি ‘Painful Hug’ এর জন্য ২০২৬ সালের ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের (আইপিএ) ফাইন আর্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।
গত মার্চে তোলা এই ছবিটি পেশাদার বিভাগের সর্বোচ্চ পুরস্কারের চূড়ান্ত তালিকায় স্থান করে নিয়েছে। আইপিএ’র বিচারক প্যাটি ও’হ্যালোরান জানান, ছবিটি যুদ্ধকালীন যন্ত্রণা, সান্ত্বনা ও ভয়ের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনকে ফুটিয়ে তুলেছে।
‘Painful Hug’ ছবিতে আলিঙ্গনের মতো একটি সাধারণ মুহূর্তের মাধ্যমে ভয় ও নিরাপত্তার আকাঙ্ক্ষা, শান্তির প্রত্যাশা তুলে ধরা হয়েছে। সাঈদপুর জানান, যুদ্ধের সময় তিনি বেশিরভাগ সময় ছাদে কাটাতেন, তেহরানকে রক্ষা করার ইচ্ছা তার ছিল।
তিনি আশা প্রকাশ করেছেন যে, যদি বিশ্বনেতারা একে অপরকে আলিঙ্গন করতেন, তাহলে যুদ্ধের প্রয়োজন হতো না। পেশাদার বিভাগে বিজয়ী হওয়ায় সাঈদপুর ১ হাজার ডলার পুরস্কার পাবেন এবং ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার নির্বাচনের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
চূড়ান্ত বিজয়ীর জন্য রয়েছে ১০ হাজার ডলার পুরস্কার। আইপিএ অ্যাওয়ার্ডস গালা আগামী ১১ অক্টোবর গ্রিসের এথেন্সের বেনাকি মিউজিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে এবারের ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার-এর নাম ঘোষণা করা হবে।