নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক ঢলের মধ্যে নিখোঁজ হওয়া ২৬ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক কারা সেভেরিনোর সন্ধান মিলেছে। দেশটির সরকার নিশ্চিত করেছে যে, তিনি নিরাপদে আছেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, কনস্যুলার কর্মকর্তারা সেভেরিনোর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন এবং শুক্রবার (২৮ আগস্ট) তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেন। সেভেরিনো নেপালের লাংটাং ট্রেক এলাকায় হাইকিং করছিলেন, যেখানে আকস্মিক ঢলের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
সেভেরিনোর পরিবার জানায়, তিনি অন্য কয়েকজন হাইকারের সঙ্গে গোসাইকুণ্ডে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেখান থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ফেরার পরিকল্পনা করেছেন।
পেনি ওং বলেন, সেভেরিনোর নিরাপদে থাকার খবরটি দুর্যোগের মধ্যে একটি ‘বিরল সুখবর’। তিনি সেভেরিনোর সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তার নিরাপদ অবস্থান জানার পর স্বস্তি প্রকাশ করেন।
তবে, একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, নেপালে এখনো নিখোঁজ থাকা অন্যান্য অস্ট্রেলীয় নাগরিকদের নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্যানবেরার পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালে এখনো ৪১ জন অস্ট্রেলীয় নাগরিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।