নেপালে সম্প্রতি ভয়াবহ বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর দেশটির পুনর্গঠনের চ্যালেঞ্জ সামনে এসেছে।
অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় বিধ্বস্ত অবকাঠামো ও জনপদ পুনর্গঠনে নেপালের প্রয়োজন হতে পারে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "এটি প্রাথমিক একটি হিসাব।"
বন্যার ফলে শুধু মানুষের ঘরবাড়িই ভেসে যায়নি, বরং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ার ফলে দুর্গম ও প্রত্যন্ত এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
এছাড়া, বন্যার প্রভাব নেপালের জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপরেও পড়েছে। বেশ কয়েকটি স্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে ধারণ করা কিছু ছবিতে দেখা গেছে, একটি শিল্প স্থাপনা বন্যার পর প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থের পরিমাণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।