যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশনা জারি করেছে, যাতে কিছু নির্দিষ্ট ইন্টার্নশিপের অনুমোদন সীমিত করা হয়।
নতুন এই নির্দেশনার ফলে বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক করা হয়েছে যে, যদি তারা নির্দেশনা না মানে, তবে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন হারাতে পারে।
সরকারের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) এর অনুমোদন বেড়ে যাওয়া বিষয়টি নজরে এসেছে। সিপিটির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাঁদের পাঠ্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ বা প্রশিক্ষণমূলক কাজে অংশ নিতে পারেন।
তবে কেন্দ্রীয় সরকারের দাবি, সম্প্রতি দেওয়া কিছু অনুমোদন প্রচলিত নিয়মের সঙ্গে অসংগতিপূর্ণ। নিয়ম অনুযায়ী, প্রশিক্ষণটি কোনো প্রতিষ্ঠিত পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হলেই কেবল সিপিটির অনুমোদন দেওয়া হয়।