ইউক্রেন থেকে নজর সরিয়ে মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত মনোযোগ দিচ্ছে আমেরিকা, এমন অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বৃহস্পতিবার কিয়েভে একটি বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান।
জেলেনস্কি জানান, শান্তি আলোচনা ইস্যুতে আমেরিকা রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে না। এই পরিস্থিতিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজনীয় অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহে আমেরিকার বিলম্বের কারণে ইউক্রেনের মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
তিনি মার্কিন প্রেসিডেন্টের রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি বন্ধুত্বসুলভ আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেন। সম্প্রতি, ট্রুথ সোশ্যালে পুতিনকে জড়িয়ে ধরা একটি ছবি পোস্ট করে ট্রাম্প তাকে বন্ধু বলার ঘটনায় জেলেনস্কি মন্তব্য করেন, এটি আজব।
জেলেনস্কি বলেন, 'পুতিন একজন আগ্রাসী ও হত্যাকারী; তিনি কারও বন্ধু হতে পারেন না।' তিনি ট্রাম্পের আচরণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো উল্লেখ করেন।
এছাড়া, ডিসেম্বরে নতুন করে শান্তি আলোচনা শুরুর আশাবাদও ব্যক্ত করেন তিনি।