বিদেশি পর্যটকদের সুবিধার্থে মালদ্বীপে স্বয়ংক্রিয় ই-ভিসা ও ইমিগ্রেশন ছাড়পত্র চালু করা হয়েছে। গত ২৪ নভেম্বর থেকে ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে (ভিআইএ) এই সুবিধা কার্যকর হয়েছে।
নতুন ব্যবস্থায় বিদেশি পর্যটকেরা ই-গেট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর পর্যটকদের স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা প্রদান করা হবে। এজন্য আলাদা করে ভিসার আবেদন করতে হবে না।
ভ্রমণের আগে ভিসার তথ্য এবং অনুমোদিত থাকার মেয়াদ পর্যটকদের ই-মেইলে পাঠানো হবে। মালদ্বীপ ছেড়ে যাওয়ার পর ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৩৫টি ই-গেট রয়েছে, যার মধ্যে ২০টি আগমন এবং ১৫টি প্রস্থান এলাকায় অবস্থিত। প্রাথমিকভাবে ৪৬টি দেশের ই-পাসপোর্টধারী পর্যটকেরা ৩১টি নির্ধারিত এয়ারলাইনসের যেকোনো একটিতে ভ্রমণ করলে এ সুবিধা পাবেন।
ই-গেটে মুখমণ্ডল ও চোখের আইরিস শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে পাসপোর্টের চিপে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্যের সঙ্গে পর্যটকের পরিচয় যাচাই করা হবে। এ প্রক্রিয়ায় মাত্র ৬ থেকে ৭ সেকেন্ডে ইমিগ্রেশন সম্পন্ন হবে, যা বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষার সময় কমাবে বলে আশা করা হচ্ছে।
তবে পর্যটক ভিসার প্রচলিত শর্ত অপরিবর্তিত রয়েছে। বিদেশি পর্যটকেরা শর্ত পূরণ সাপেক্ষে বিনা মূল্যে সর্বোচ্চ ৩০ দিনের ভিসা পাবেন। এ জন্য বৈধ পাসপোর্ট, ফিরতি বা পরবর্তী গন্তব্যের টিকিট, নিশ্চিত আবাসন এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ থাকতে হবে।
মালদ্বীপে পৌঁছানোর আগের ৯৬ ঘণ্টার মধ্যে আইএমইউজিএ পোর্টালে ট্রাভেলার ডিক্লারেশন ফরম জমা দিতে হবে, এবং শিশুদের জন্যও পৃথক ফরম পূরণ করতে হবে।