ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সরবরাহে বিলম্বের কারণে ইউক্রেনীয়দের প্রাণহানি বাড়ছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় মস্কোর ওপর যথেষ্ট চাপ দিচ্ছে না ওয়াশিংটন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। ওই ছবিতে ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করতে এবং তাকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করতে দেখা যায়।
জেলেনস্কি বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়। তবে ব্যাপারটি অদ্ভুত।’ পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি একজন আগ্রাসী এবং হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জেলেনস্কি বেশ সতর্ক অবস্থান নিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করতে দুই মার্কিন দূত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কিয়েভের স্বার্থের প্রতিফলন তুলনামূলক কম— এমন অভিযোগও রয়েছে।
জেলেনস্কি জানান, চলতি মাসের শুরুতে আবুধাবিতে মধ্যস্থতায় সর্বশেষ দফার শান্তি আলোচনা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আগামী ডিসেম্বরে আবারও আলোচনা শুরুর কথা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা যত বেশি জানছি, সমস্যা ততই বাড়ছে।’ বর্তমানে ইউক্রেনের আকাশসীমা রক্ষার লড়াই কঠিন হয়ে উঠেছে। রাশিয়া বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাচ্ছে এবং রাজধানী কিয়েভসহ বড় শহরগুলোতে আঘাত হানছে।
জেলেনস্কি বলেছেন, রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হচ্ছেন ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যরা, তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি ‘খুবই বেশি’।
তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, ‘যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে বেশি গুরুত্ব দিয়েছে এবং সেখানে আরও বেশি সহায়তা করছে— এটা দুঃখজনক।’
জেলেনস্কি আরও বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রের ঘাটতি মানে মানুষের জীবনের ঝুঁকি।’