চলতি নভেম্বরের প্রথম ২৬ দিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজাজুড়ে হামলা অব্যাহত রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, ২৬ নভেম্বর গাজার শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
নভেম্বরের শুরু থেকে নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৫ নভেম্বর ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় দুই বোন ইউসরা (১৫) ও জানা মোহাম্মদ আবু আল-ওউফ (১৩) নিহত হয়। তাদের বাবা ও মা এই হামলায় প্রাণ হারান।
গত ৬ নভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসির বির ১৯ এলাকায় ইসরায়েলি ট্যাংকের গোলায় নিহত হন ১৫ বছর বয়সী দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ নিদাল বারবাখ। ১৩ নভেম্বর দেইর আল-বালাহতে কামানের গোলায় নিহত হন ১২ বছর বয়সী আহমেদ আবু দাহের, তার বাবা ও এক নারী।
বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী রয়েছেন।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবন সংস্কার বা পুনর্নির্মাণ প্রয়োজন। প্রায় ৮১ শতাংশ স্কুলে সরাসরি হামলা হয়েছে, ফলে হাজার হাজার শিক্ষার্থী ও কয়েক শ শিক্ষাকর্মী নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত তিন বছরে ইসরায়েলি যুদ্ধে অন্তত ৭৪ হাজার ৭৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু।