বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

জলাতঙ্কের লক্ষণের পরও অলৌকিকভাবে সুস্থ হলো ১৫ বছর বয়সী কিশোর

১৫ বছর বয়সী কিশোর জলাতঙ্কের লক্ষণ থাকা সত্ত্বেও সুস্থ হয়ে ওঠার ঘটনা বিরল।

জলাতঙ্কের লক্ষণের পরও অলৌকিকভাবে সুস্থ হলো ১৫ বছর বয়সী কিশোর

জলাতঙ্কের লক্ষণ থাকা সত্ত্বেও ১৫ বছর বয়সী এক কিশোরের সুস্থ হওয়ার ঘটনা চিকিৎসাবিজ্ঞানে একটি বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরের করন নামের এই কিশোরটি জলাতঙ্কের লক্ষণ প্রকাশের পরও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে।

২০২৫ সালের ডিসেম্বরে করনকে একটি কুকুর কামড়ায়। এরপর সে জলাতঙ্কের দুটি টিকা গ্রহণ করে। তবে কয়েক মাস পর তার শরীরে জলাতঙ্কের মারাত্মক লক্ষণগুলো দেখা দেয়, যার মধ্যে পানি দেখে আতঙ্কিত হওয়া, অতিরিক্ত লালাক্ষরণ এবং অস্বাভাবিক আওয়াজ করা অন্তর্ভুক্ত ছিল।

পরিবারের সদস্যরা করনকে বারাণসীর একটি সরকারি হাসপাতালে ভর্তি করেন, যেখানে ২২ দিন ধরে তার চিকিৎসা চলে। সেখানে নিয়মিত ৫টি টিকার পাশাপাশি তাকে ২টি বিশেষ টিকা দেওয়া হয়। চিকিৎসার পর ধীরে ধীরে তার সংক্রমণ কমে আসে এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। বর্তমানে করন নিয়মিত স্কুলে যেতে শুরু করেছে।

এ ঘটনার পর প্রশ্ন উঠেছে, জলাতঙ্কের লক্ষণ দেখা দেওয়ার পরও কি কেউ বেঁচে ফিরতে পারে? চিকিৎসকেরা জানান, লক্ষণ প্রকাশের পর সুস্থ হয়ে ওঠার ঘটনা বিরল হলেও অসম্ভব নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মতে, জলাতঙ্কের লক্ষণ একবার দেখা দিলে মৃত্যুর সম্ভাবনা প্রায় নিশ্চিত। বিশ্বজুড়ে হাতেগোনা কয়েকজন রোগী এই অবস্থায় বেঁচে ফিরেছেন, তবে তাদের অনেকেই গুরুতর স্নায়বিক জটিলতার শিকার হয়েছেন।

জলাতঙ্ক একটি ভাইরাসবাহিত সংক্রমণ, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। একবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছালে লক্ষণ প্রকাশ পেলে মারাত্মক প্রদাহ ও ক্ষতি ঘটে। প্রাথমিক লক্ষণের মধ্যে জ্বর, দুর্বলতা এবং ক্ষতের চারপাশে অস্বাভাবিক জ্বালাপোড়া অন্তর্ভুক্ত। রোগের অগ্রগতির সঙ্গে সঙ্গে হাইড্রোফোবিয়া, মানসিক অস্থিরতা, বিভ্রান্তি, দৃষ্টিভ্রম, গিলতে অসুবিধা, পক্ষাঘাত ও শ্বাসকষ্টের মতো মারাত্মক উপসর্গ দেখা দেয়।

বিশ্বজুড়ে জলাতঙ্কের লক্ষণ প্রকাশের পর বেঁচে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের ১৫ বছর বয়সী কিশোরী জিয়ানা গিজ জলাতঙ্কের লক্ষণ প্রকাশের পরও বেঁচে ফিরেছিল, তবে তার জন্য মিলওয়াকি প্রোটোকল নামের একটি বিশেষ চিকিৎসাপদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। তবে এই প্রোটোকলটিকে জলাতঙ্কের নির্ভরযোগ্য চিকিৎসা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

বিজ্ঞাপন