চুয়াডাঙ্গায় শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২২ শয্যার শিশু ওয়ার্ডে ১০৮ জন শিশু ভর্তি রয়েছে, যা ধারণক্ষমতার প্রায় পাঁচগুণ।
প্রতিদিন গড়ে ৪০ জন নতুন রোগী হাসপাতালে আসছেন। এই রোগীদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, পেটব্যথা এবং হামের উপসর্গও দেখা যাচ্ছে।
স্থান সঙ্কুলান না হওয়ায় কিছু রোগীকে মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ এবং জনবল সংকটে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীদের জন্য সেবা প্রদান করা কঠিন হয়ে পড়েছে।
চিকিৎসকরা আবহাওয়ার পরিবর্তনের কারণে রোগের এই বৃদ্ধির জন্য সতর্ক করেছেন। তারা শিশুদের গরম-ঠান্ডা থেকে দূরে রাখা এবং বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।