দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭টি শিশু। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামে আক্রান্ত হয়ে ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৪৩টি শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ৯১টি শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮৬। এ সময়ে ৮৯০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সংখ্যক শিশু হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৩৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৭৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।