জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন নতুন করে জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি গত পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে একটি আবেগঘন পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন।
সামিয়া জানান, প্রায় তিন মাস আগে তাঁর শরীরে নতুন ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচার করা হয় এবং পরে পরীক্ষায় এটি হাই-গ্রেড কার্সিনোমা হিসেবে চিহ্নিত হয়। বর্তমানে তিনি নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন।
এর আগে, প্রথমবার কোলন ক্যানসার শনাক্ত হলে তিনি ইমিউনোথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন। তবে এবারের অভিজ্ঞতা তার জন্য ভিন্ন। তিনি বলেন, "ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই আমি হাসিমুখে এটি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
সামিয়া তার নতুন চেহারা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "আজ নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করলাম। জানি, হয়তো কিছুদিন পর চুল পড়ে যাবে, কিন্তু তার আগেই নিজের নতুন লুকটাকে সেলিব্রেট করতে চাইলাম।"
তিনি ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "যাঁরা এই পথের মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন এই লড়াই কতটা কঠিন। আমি সত্যি চাই না, আমার কাছের কোনো মানুষকে কখনও এমন একটা জার্নির মধ্য দিয়ে যেতে হোক।"
সবশেষে, তিনি তাঁর অনুরাগীদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন। "দোয়া করবেন, যেন আগেরবারের মতো এবারও আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি।"