চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন জোরদারের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। আজ রোববার দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সভায় মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন চা-বাগানের শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় ১৯৬ টাকা দৈনিক মজুরি কোনোভাবেই যথেষ্ট নয়।
শ্রমিকদের জীবনমান বিবেচনায় নগদ মজুরি ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণের পাশাপাশি পৃথক মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা আদায়ে চা শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করতে হবে।