সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি ১ বছর ২৬ দিন বন্দি থাকার পর বুধবার বিকেল ৪টার দিকে মুক্তি পান।
তবে আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। খায়রুল হকের আইনজীবী জানিয়েছেন, জুলাই গণ-অভুত্থানে হত্যা, রায় জালিয়াতি সহ মোট ৯ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
গত সোমবার বনানী থানার জুলাই হত্যাচেষ্টা মামলায় আপিল বিভাগ খায়রুল হকের জামিন বহাল রাখে, যা তার কারামুক্তির বাধা দূর করে।
এই মামলায় অধস্তন আদালত জামিন না দেওয়ায় ৯ আগস্ট হাইকোর্টে আবেদন করেন তিনি। পরবর্তী দিন ১০ আগস্ট হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তী জামিন প্রদান করে। রাষ্ট্রপক্ষ আপিল করার পরও আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের জামিন বহাল রাখে।
আইনজীবীরা জানান, এর আগে বিভিন্ন মামলায় আপিল বিভাগ থেকে জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার হওয়ায় খায়রুল হক মুক্তি পাননি।