বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি এ অভিনন্দন জানান।
ড. ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তার সাংগঠনিক দক্ষতা ও সংকটকালে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
তিনি আরও উল্লেখ করেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের নতুন দায়িত্ব রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।
ড. ইউনূস আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে জয়ী হয়ে তিনি যাচ্ছেন বঙ্গভবনে।