কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী শিক্ষার্থী এবং আরএসএস-সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতভর চলা এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
সিপিআই(এম)-সমর্থিত ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য অভিযোগ করেন, বুধবার রাতে যখন পরিচালনা পর্ষদের বৈঠক চলছিল, তখন এবিভিপির সমর্থকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে হাঙ্গামা সৃষ্টি করে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বামপন্থী সমর্থিত ছাত্র সংগঠন এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই গভার্নিং বডির একটি বৈঠক ডাকা হয়েছিল। এবিভিপির সদস্যরা এই বৈঠকের বিরোধিতা করে প্রতিবাদ জানায়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
এবিভিপির সদস্যরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ না থাকার পরেও বামপন্থী ছাত্র সংগঠনগুলো বৈঠক ডাকছে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়ার জন্য স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এবিভিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শুভব্রত অধিকারী সাংবাদিকদের জানান, একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে। সংঘর্ষের ফলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ও ভবনের বাইরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।