স্পেনে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী জোটের ভরাডুবির আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত জনমত জরিপে সানচেজের সোশ্যালিস্ট পার্টি পিছিয়ে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আবাসন সংকট, দুর্নীতি রোধ এবং অভিবাসন সংক্রান্ত বিষয়গুলোতে জোর দেয়ার তাগিদ রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থীদের উত্থান মূলধারার রাজনীতিকে চাপে ফেলেছে, যা স্পেনেও প্রভাব ফেলতে পারে।
রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টিনা মঙ্গে বলেন, "বামপন্থীরা সুবিধাজনক অবস্থানে নেই। গত নির্বাচনের পর বামপন্থী ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ ভোট দিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি প্রায় ১৫ লাখ ভোটারের বিষয়।"
তিনি আরো বলেন, সানচেজের সরকার এবং বামপন্থীদের লক্ষ্য হবে এই ভোটারদের সংগঠিত করা। বিশেষজ্ঞদের মতে, আগাম নির্বাচন সানচেজের জন্য সামাজিক বিষয়গুলোর প্রতি মনোযোগ দেয়ার একটি সুযোগ।
লন্ডন স্কুল অব ইকোনমিক্সের রাষ্ট্রবিজ্ঞানী লুইস বোনেল বলেন, "গত এক বছরে সরকারের জন্য পরিস্থিতি নেতিবাচক ছিল, বিশেষ করে দুর্নীতি এবং অভিবাসন সমস্যা নিয়ে। তাই সরকারের মধ্যে পরিস্থিতি পরিবর্তনের প্রয়োজনীয়তার অনুভূতি তৈরি হয়েছে।"
সানচেজ সোমবার পার্লামেন্টে সমর্থন বাড়ানোর উদ্দেশ্যে আগাম নির্বাচনের ঘোষণা দেন, যা আবাসন সংকটের কারণে তীব্র বিক্ষোভের প্রেক্ষাপটে এসেছে।