স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা আগে ২০২৭ সালে হওয়ার কথা ছিল।
সোমবার এক টেলিভিশন ভাষণে, নির্বাচনের তারিখ ঘোষণা করেন সানচেজ। তিনি জানান, পার্লামেন্টে আবাসনসংক্রান্ত দুটি জরুরি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত এক সপ্তাহ ধরে স্পেনজুড়ে ভাড়াটেদের সুরক্ষা ও সাশ্রয়ী আবাসনের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে। শনিবার মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া সহ ৫০টির বেশি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মাদ্রিদে বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েক হাজার মানুষ বাড়ি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এই বিক্ষোভের সূত্রপাত ঘটে ৮৭ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনায়।
তবে আগাম নির্বাচনের ঘোষণার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা দাবি করছেন, সরকারের উচিত আবাসন সংকটের সমাধান করা।