বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকদের অধিকার রক্ষায় সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, "আমরা এমন এক মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ কিংবা সামাজিক পরিচয় কোনো মানুষের অধিকার ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না।"

তিনি আরও জানান, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নাগরিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অঙ্গীকার। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন করার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান।

প্রতিনিধিরা জানান, ছুটির এই মেয়াদ বৃদ্ধি সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সভায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের সমস্যা ও বিভিন্ন দাবি-দাওয়া প্রধানমন্ত্রীকে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আশ্বস্ত করেন, "সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমরা আপনাদের পাশে থাকব।" তিনি বলেন, সব যৌক্তিক দাবি ও সমস্যা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে।

মতবিনিময় সভা শেষে ধর্মীয় উৎসব উদযাপনে বিশেষ অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য ৫ কোটি টাকা এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য ৩ কোটি টাকার আর্থিক বরাদ্দের চেক প্রদান করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় ট্রাস্টের সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন