যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে স্নাতকোত্তর গবেষণা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেন, "বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে।"
তিনি উল্লেখ করেন, "যেসব দেশে গণতান্ত্রিক আন্দোলন সফল, সেখানেও আবার পেছনের দিকে যাত্রা শুরু হয়েছে।" এসময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের অবস্থা পর্যবেক্ষণের পরামর্শ দেন।
আলী রীয়াজ আরও বলেন, বর্তমানে পৃথিবীতে ৬০ শতাংশের বেশি মানুষ স্বৈরশাসনে বাস করছে। তারুণ্যের সাহসকে ঔদ্ধত্যে পরিণত না করতে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, "ভিন্নমতকে শ্রদ্ধা করতে শিখতে হবে।" এই মানসিকতা পরিহার করতে হবে যে শুধুমাত্র নিজের মত থাকবে এবং অন্য কোনো মত থাকবে না।
অনুষ্ঠানে গবেষণার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।