বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এই পদে মনোনীত করা হয়েছে।
রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
এর আগে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ার পর তিনি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন।