রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও গ্যাস সংকটে নগরবাসীর ভোগান্তি কয়েকগুণ বেড়েছে।
ভোর রাত থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকরা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। তবে বেশ কিছু স্টেশনে গ্যাসের চাপ না থাকায় এবং সরবরাহ বন্ধ থাকায় অধিকাংশ ফিলিং স্টেশন কার্যত বন্ধ রয়েছে।
পাম্পের সামনে 'গ্যাস নেই' লেখা সাইনবোর্ড টানিয়ে অলস সময় পার করছেন বিক্রয়কর্মীরা। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা।
সিএনজিচালিত অটোরিকশা ও রাইড-শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত অনেক চালক জানিয়েছেন, সময়মতো গ্যাস না পাওয়ায় তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। এর ফলে তাদের দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
চালকরা বলছেন, মালিকদের নির্ধারিত টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ ঠিকঠাক করতে পারছেন না। এ অবস্থায় দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা।