সম্মিলিত ইসলামী ব্যাংক এবার ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব বুঝে নিচ্ছে। এর ফলে সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূত পাঁচটি ব্যাংকের দায় ও সম্পদ পরিচালনা করবে।
গত ৩০ জুলাই প্রথমে এক্সিম ব্যাংকের দায়িত্ব গ্রহণ করে সম্মিলিত ইসলামী ব্যাংক। এরপর এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্বও হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব বুঝে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম এগিয়ে নিতে নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও প্রশাসক টিমের কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে। সম্প্রতি গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক ও টিম প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের স্বার্থের কথা বিবেচনা করে শরীয়াহধারার পাঁচটি ব্যাংককে একীভূত করা হয়েছে। ব্যাংকগুলোর দায়িত্ব হস্তান্তর হওয়ায় আমানত ফেরতের প্রক্রিয়ায় অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।