দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়।
নতুন এই দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হবে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে, ২২ ক্যারেটের স্বর্ণের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।